উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় সঙ্গীতের বিশেষ আসর

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় বসছে বিশেষ সঙ্গীতের আসর। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো নিয়ে আয়োজন করা হয়েছে এই সঙ্গীতসন্ধ্যা।

‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসঙ্গীত’ শিরোনামের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে হবে এ আয়োজন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সঙ্গীত পরিবেশনা।

উত্তম কুমারের সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলা গানের অসংখ্য জনপ্রিয় সৃষ্টি। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে এসব গান পেয়েছে আলাদা পরিচিতি। সময় পেরিয়ে গেলেও গানগুলো শ্রোতাদের কাছে এখনো সমান জনপ্রিয়।

আয়োজিত সঙ্গীতসন্ধ্যায় সেই গানগুলোই নতুন করে পরিবেশন করবেন শিল্পীরা। এতে প্রাধান্য পাবে বাংলা নাগরিক গানের ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় সব গান।

বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অভিনয়শৈলী, পর্দায় তার উপস্থিতি এবং সঙ্গীতের সঙ্গে তার চলচ্চিত্রের সম্পর্ক দর্শকের মনে বিশেষ জায়গা করে আছে। তাই এই আয়োজনের মধ্য দিয়ে শুধু মহানায়ককে স্মরণ নয়, বাংলা সিনেমা ও সঙ্গীতের এক স্মরণীয় সময়কেও ফিরে দেখার সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।

আয়োজকদের প্রত্যাশা, সঙ্গীতসন্ধ্যাটি উত্তম কুমারের ভক্তদের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের পুরোনো দিনের গান ভালোবাসেন- এমন শ্রোতাদের জন্যও হয়ে উঠবে বিশেষ এক আয়োজন।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত