তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক ও নাটকীয় মোড়! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন আদায় করেছেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। বাম দলগুলোর নাটকীয় সমর্থনে তিনি ১১৮ বিধায়কের সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছেন।
শুক্রবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৪ বা ১১৮টি আসনের (পরিস্থিতি ভেদে) সমর্থন প্রয়োজন হয়। বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-র জন্য বড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। দীর্ঘ আলোচনার পর সিপিআই (২ আসন) এবং সিপিএম (২ আসন)- উভয় দলই বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আগে থেকেই কংগ্রেসের ৫ জন বিধায়ক তাঁর পাশে ছিলেন। সবশেষ ভিসিকে (VCK) প্রধান থল থিরুমাভালাভানও তার দলের ২ বিধায়কের সমর্থন দেওয়ায় বিজয়ের ঝুলিতে এখন ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত হয়েছে।
সরকার গঠনের পথ পরিষ্কার হওয়ায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন থালাপতি বিজয়। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বিধায়কদের সমর্থনের চিঠি জমা দেবেন এবং সরকার গঠনের দাবি জানাবেন।
সিনেমা পর্দার জনপ্রিয় নায়ক থেকে সরাসরি রাজপ্রাসাদের মসনদে বসার এই যাত্রা তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। ডিএমকে এবং এআইডিএমকে-র মতো প্রথাগত রাজনৈতিক শক্তির বাইরে বিজয়ের এই উত্থানকে ভারতের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। প্রিয় তারকার এই সাফল্যে রাজ্যজুড়ে আনন্দ মিছিলে মেতেছেন ভক্ত ও সমর্থকরা।
বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের