বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মেয়ের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন কায়সার হামিদ। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, আমার বড় মেয়ে কারিনা কায়সার হঠাৎ করেই চার-পাঁচ দিন ধরে অসুস্থ। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে হেপাটাইটিস এ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত রাতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকায় চিকিৎসকদের পরামর্শে মেয়েকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছেন তারা। এত বড় বড় হাসপাতাল থাকার পরও লিভার ট্রান্সপ্ল্যান্টের কোনো সেটআপ নেই—এটা আমি আগে জানতাম না। বাধ্য হয়েই হয়তো দেশের বাইরে নিতে হবে।
চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি উল্লেখ করে সবার কাছে দোয়া চান এই সাবেক ফুটবলার। একই সঙ্গে ফ্যাটি লিভার নিয়ে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
বর্তমানে কারিনা কায়সারকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া চেয়ে পোস্ট করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার পরিবারের অনুমতি ছাড়া হাসপাতালে কোন ভীড় না করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।
স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স