বিজয়ের ‘তারকা’ মন্ত্রিসভা: চিকিৎসক থেকে চিত্রনায়িকা, স্থান পেলেন যারা

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ কয়েক দশকের দ্রাবিড় আধিপত্য ভেঙে এক নতুন ইতিহাসের সূচনা করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপথি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম মন্ত্রিসভা ঘোষণায় বড় ধরণের চমক দিয়েছেন তিনি। পেশাদারিত্ব ও তারুণ্যের মিশেলে গঠিত এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চিকিৎসক, আইনজীবী, সাবেক আইআরএস কর্মকর্তা এবং বিনোদন জগতের তারকারা।

রোববার (১০ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিজয়ের এই সম্ভাব্য প্রথম মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম দফার এই তালিকায় শুধুমাত্র বিজয়ের দল ‘টিভিকে’ (TVK)-এর নেতাদের রাখা হয়েছে, বাদ পড়েছেন জোটসঙ্গী কংগ্রেসের নেতারা।

মন্ত্রিসভায় আলোচিত মুখ যারা:
এস কীর্থনা (২৯): বিজয়ের মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠ সদস্য হতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী ও বিধায়ক। শিভকাশি আসন থেকে জয়ী গণিত ও পরিসংখ্যানে উচ্চশিক্ষিত এই তরুণী আতশবাজি শিল্পের শ্রমিকদের অধিকার ও নারী উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।

এন আনন্দ: বিজয়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং তার ফ্যান ক্লাবের সাবেক সভাপতি এন আনন্দ এখন দলের সাধারণ সম্পাদক। চেন্নাইয়ের থিয়াগারায়ানগর থেকে নির্বাচিত এই নেতাকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।

আধাভ অর্জুনা: ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই সাবেক বাস্কেটবল খেলোয়াড় একসময় মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের রাজনৈতিক কৌশলবিদ ছিলেন। পরে বিজয়ের দলে যোগ দিয়ে ভিল্লিভাক্কাম আসন থেকে জয়ী হন।

ডা. কেজি অরুণরাজ ও ডা. টি কে প্রভু: মন্ত্রিসভায় চিকিৎসা পেশার গুরুত্ব বুঝাতে রাখা হয়েছে দুজন চিকিৎসককে। ডা. অরুণরাজ পেশায় চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন সাবেক আইআরএস (IRS) কর্মকর্তাও। আর ডা. প্রভু পেশায় দন্ত চিকিৎসক।

কে এ সেঙ্গোট্টাইয়ান: তামিল রাজনীতির পোড় খাওয়া এই প্রবীণ নেতা দীর্ঘ ৫ দশক এআইএডিএমকে-তে ছিলেন। বিজয়ের দলে যোগ দিয়ে তিনি অভিজ্ঞতার পাল্লা ভারী করেছেন।

রাজমোহন আরুমুগাম: অভিনেতা, স্ট্যান্ডআপ কমেডিয়ান ও মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত রাজমোহন এবার বিজয়ের মন্ত্রিসভায় নতুন গ্ল্যামার যোগ করেছেন।

পি ভেঙ্কটারামানান: বিজয়ের ব্যক্তিগত ম্যানেজার ও পেশায় আইনজীবী ভেঙ্কটারামানান প্রথমবারের মতো বিধায়ক হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

নির্মল কুমার: দলের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের প্রধান নির্মল কুমারকেও পুরস্কৃত করেছেন বিজয়।

চিরাচরিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে শিক্ষিত ও বিভিন্ন পেশার মানুষকে দেশ পরিচালনায় এনে বিজয় তামিলনাড়ুতে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার এই ‘পেশাদার টিম’ সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

FJ
আরও পড়ুন