মেসির জাদুতে আর্জেন্টিনার দারুণ জয়। বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও তার সতীর্থদের এই জয়ে গ্রুপ পর্বে টানা শতভাগ জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
ম্যাচে মেসির ফ্রি-কিক গোলসহ দারুণ পারফরম্যান্স ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই নিজেদের অনুভূতি ভাগ করে নেন, কেউ মজার ছলে, কেউ আবার আবেগভরা বার্তায়।
অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির ছবি শেয়ার করে হালকা রসিকতা করে লেখেন, “পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?”

অভিনেতা তৌসিফ মাহবুব মেসির প্রশংসা করে লেখেন, “সে কখনো হতাশ করে না।” তিনি ফ্রি-কিক থেকে করা মেসির অনিন্দ্যসুন্দর গোলের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।

অভিনেত্রী নাদিয়া আহমেদ, যিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।”
আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ আজকের জয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সমালোচকদের উদ্দেশে লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি কিক দেয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’

অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওনেরও প্রিয় দল আর্জেন্টিনা। জয়ের আনন্দে লিখলেন, ‘আচ্ছা যাও, তোমরা যা বলবা, তা-ই। আর্জেন্টিনা ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি কিক কেনে। ফাউল করার জন্য তারা বিরোধী দলের প্লেয়ারদেরও টাকা দেয়। এখন রাজুতে গিয়া আন্দোলন কর, বয়কট ফিফা। ঠিক আছে?’ পাশাপাশি তিনি জর্ডানের প্রশংসাও করলেন। দলটির আল তামারির গোল তার কাছে সুন্দর লেগেছে।

অভিনেতা আব্দুন নূর সজলের প্রিয় দল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার এমন জয়ে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না। আর্জেন্টিনার জার্সিতে ছবি দিয়ে লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা সামাজিক মাধ্যমে লেখেন, ‘আপনি যে কোনো দলই সাপোর্ট করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে প্রশংসা করতে পারেন। কিন্তু মেসিকে যদি অসম্মান করেন, সেটা আপনারই সীমাবদ্ধতা। লিওনেল মেসি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এর জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই।’

ছোট পর্দার অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’
‘সির সির’-এর পর নোরা–সঞ্জয়ের নতুন চমক ‘চ্যাম্পিয়নস’
মেসি বন্দনায় মেতেছেন শোবিজ তারকারা