ফিফা বিশ্বকাপের থিম সং ‘সির সির’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। নোরা ফাতেহির সঙ্গে গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেও ইতিহাস গড়েছেন তিনি। সব মিলিয়ে তাকে ঘিরে দর্শক-শ্রোতাদের আগ্রহ এখন তুঙ্গে।
এরই মধ্যে জানা গেছে, দেশে আসছেন। বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকার মঞ্চে গাইবেন তিনি। তবে দেশে ফেরার আগেই প্রকাশ পেয়েছে তার নতুন লোকগান ‘কার জন্য’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া।
গত রোববার (১২ জুলাই) কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। এর কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় নিজেই। লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রনিক মিউজিকের মিশেলে গানটি তৈরি করা হয়েছে।
সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় অবস্থানকালে গানটির কাজ সম্পন্ন করেন তিনি। দেশের লোকসংগীতের ঐতিহ্য আন্তর্জাতিক শ্রোতাদের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ গান নির্মাণ করেছেন বলে জানান এই শিল্পী।
আগামী ১৮ জুলাই দেশে ফিরবেন সঞ্জয়। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘হোমকামিং কনসার্ট’। বিশ্বকাপ ফাইনালের আগে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। কনসার্ট শেষে জায়ান্ট স্ক্রিনে উপস্থিত দর্শকদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন তিনি।
রোমান্টিক ইমেজ ভেঙে ‘ভিলেন’ হতে চান পূর্ণিমা
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান