প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদের সঙ্গে এক তরুণীর সুইমিংপুলে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তরুণীকে মামুনুর রশীদকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যায়। ছবি ছড়িয়ে পড়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, মামুনুর রশীদ কি আবার বিয়ে করেছেন?
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিগুলোর সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, বিয়েও করেননি। ভাইরাল হওয়া ছবিগুলো একটি ধারাবাহিক নাটকের দৃশ্য।
নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। সাম্প্রতিক সময়ে আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে নাটকটির গল্প তৈরি করা হয়েছে। এতে মামুনুর রশীদের বিপরীতে অভিনয় করেছেন প্রিসিলা ডি কস্তা।
নাটকের গল্পে দেখা যায়, মামুনুর রশীদের চরিত্র হাঁটুর বয়সী এক তরুণীর প্রেমে পড়েন। একপর্যায়ে পরিবারের অমতে ওই তরুণী তাঁর সঙ্গে চলে আসেন। এরপর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে শুরু করেন। তাঁদের কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। একপর্যায়ে এসব কর্মকাণ্ডে অনেকে বিরক্তও হয়ে ওঠেন।

আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। ভাইরাল হওয়া ছবির বিষয়ে তিনি বলেন, মামুনুর রশীদ ও প্রিসিলার সুইমিংপুলের ছবিগুলো তাঁর পরিচালিত নাটকের একটি দৃশ্য। ছবিগুলোর নেপথ্যের ঘটনা না জেনেই অনেকে নেতিবাচক মন্তব্য করছেন বলেও জানান তিনি।
নাটকটির গল্প প্রসঙ্গে সাজিন আহমেদ বাবু বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্রকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করা হয়েছে। হাস্যরসের পাশাপাশি এতে কিছু সামাজিক বক্তব্যও রয়েছে।
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, গল্পটি ভিন্নধর্মী। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। অনেক দিন পর এ ধরনের গল্পে অভিনয় করেছেন তিনি।
‘আমরা ভাইরাল’ নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
চরিত্রের জন্য ২ মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ
‘দাদাগিরি’ থেকে ‘বিগ বস বাংলা’