মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হলে তা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ। পরে ছবিটি নিয়ে বিষয়টি পরিষ্কার হওয়ার পর নিজের সেই পোস্ট মুছে ফেলেছেন তিনি।
পরবর্তী এক পোস্টে আসিফ মাহমুদ জানান, একই ধরনের পোজের ছবি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির কারণেই তিনি কোন ছবিটি আসল, তা যাচাই করতে চেয়েছিলেন। বিষয়টি পরিষ্কার হওয়ার পর আগের পোস্টটি সরিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
আসিফ মাহমুদ লেখেন, ‘একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায়, আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।’
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন আসিফ মাহমুদ। একই পোস্টে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর আরেকটি ছবিও প্রকাশ করেন তিনি।
কসোভোর প্রধানমন্ত্রীর ছবিতে ঘরের মাঝখানে ডোনাল্ড ট্রাম্পকে মানুষের সমান আকৃতির একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখা যায়। ছবি দুটি শেয়ার করে আসিফ মাহমুদ ক্যাপশনে লেখেন, ‘এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে। কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?’
পরে রোমানিয়ার একটি গণমাধ্যমের ফ্যাক্ট-চেক প্রতিবেদনে দাবি করা হয়, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো ছবিটি আসল নয়। সেটি একটি মিম হিসেবে সম্পাদনা করা হয়েছিল।
প্রতিবেদনটিতে বলা হয়, ইন্টারনেটে ছড়িয়ে থাকা একটি রসিকতাকে কেন্দ্র করে ছবিটি সম্পাদনা করা হয়। সেখানে ট্রাম্পকে ঘরের মাঝখানে মানুষের সমান আকৃতির কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছে। মূল ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির পাশে ট্রাম্পকে বাস্তব অবস্থায় দেখা যায় বলে ফ্যাক্ট-চেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নৈশভোজের আয়োজন করেন।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে নৈশভোজের সময়ের একটি ছবি প্রকাশ করেন। এতে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানকে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হলে আসিফ মাহমুদ সেটি নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দেন। পরে ফ্যাক্ট-চেকের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়ার পর নিজের আগের পোস্টটি মুছে দেন তিনি।
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফরে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে সাহায্য চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি