ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজও ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা গতকালের মতোই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টা ২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।
আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা অস্বস্তি তৈরি হলেও এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
