রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকলেও বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে নগরবাসীকে কিছুটা ভ্যাপসা গরমের অস্বস্তিতে পড়তে হতে পারে।
রোববার (৮ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বেলা পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। উল্লেখ্য, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে।
ঢাকায় আংশিক মেঘলা থাকবে আকাশ, আবহাওয়া শুষ্ক
