ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় 'ঝুমুল'

দেশজুড়ে কালবৈশাখী ও অতিভারী বর্ষণের শঙ্কা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় হিসেবে 'ঝুমুল' ধেঁয়ে আসছে বাংলাদেশের দিকে। আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত কার্যকর থাকতে পারে এই শক্তিশালী প্রাক-মৌসুমী বৃষ্টি বলয়। 

এর প্রভাবে দেশের ৭০-৯০ শতাংশ এলাকায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছে বেসরকারি সংস্থা Bangladesh Weather Observation Team Ltd (BWOT) 

সিলেট ও ময়মনসিংহে বন্যার ঝুঁকি, বইতে পারে তীব্র কালবৈশাখী

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি বলয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সিলেট বিভাগে। সেখানে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

অতিবৃষ্টি এবং ভারতের আসাম ও মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। 

এছাড়া সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

সারাদেশে ৬০-৮০ কিমি/ঘণ্টা বেগে কালবৈশাখী ঝড় ও মাঝেমধ্যে তীব্র বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ প্রশমিত হয়ে আবহাওয়া বেশ আরামদায়ক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিভাগীয় বৃষ্টিপাতের পূর্বাভাস: কোথায় কেমন হবে আবহাওয়া?

বৃষ্টি বলয় 'ঝুমুল' চলার সময়ে বিভিন্ন বিভাগে গড় বৃষ্টিপাতের পরিমাণ ও দিনের সম্ভাব্য হিসাব নিচে দেওয়া হলো:

বৃষ্টিপাতের পরিসংখ্যান (বিভাগ অনুযায়ী):

 * *সিলেট:* ৩০০-৪০০ মিমি (৭-৯ দিন) – সর্বাধিক সক্রিয়।
 * *ময়মনসিংহ:* ২৫০-৩০০ মিমি (৬-৭ দিন) – বেশ সক্রিয়।
 * *ঢাকা:* ১২০-১৫০ মিমি (৪-৫ দিন)।
 * *রংপুর:* ১২০-১৮০ মিমি (৪-৫ দিন)।
 * *চট্টগ্রাম:* ১০০-১৭৫ মিমি (৪-৫ দিন)।
 * *বরিশাল:* ১০০-১৩০ মিমি (৪-৫ দিন)।
 * *খুলনা:* ৯০-১২০ মিমি (৩-৫ দিন)।
 * *রাজশাহী:* ৬০-৯০ মিমি (৩-৪ দিন) – কম সক্রিয়।

'ঝুমুল' চলার সময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা

১) পাহাড় ধস:ভারী বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

২) সময়কাল: ২৬ এপ্রিল থেকে শুরু হলেও সর্বোচ্চ সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে।

৩) কৃষি: এই বৃষ্টি বলয় দেশের ৬০-৭০% এলাকার সেচের চাহিদা পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

৪) সাগর:বায়ুচাপের পার্থক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে।

HN
আরও পড়ুন