৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে আগামী ৯৬ ঘণ্টা বা চার দিন অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের বিশেষ বার্তায় জানানো হয়েছে, আজ (রোববার) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ঝড়ের সাথে তীব্র বজ্রপাত এবং দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। দীর্ঘ সময় ধরে এমন বৃষ্টির ফলে এসব নিচু এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ২টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এলাকাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (Warning Signal No. 2) দেখাতে বলা হয়েছে।

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন