৬ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, রাতভর দাপট দেখাতে পারে বজ্রবৃষ্টি

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:৩০ পিএম

দেশের বিভিন্ন স্থানে অতিভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির মধ্যেই নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ মে) রাত থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের অন্তত ৬টি বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। 

আবহাওয়া অফিসের মতে, এর ফলে বন্যাকবলিত এলাকায় পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

আবহাওয়া দপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে-রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক দল ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) এক বিশেষ বার্তায় জানিয়েছে, ভারতের বিহার ও ঝাড়খণ্ডের ওপর নতুন করে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। ফলে আজ রাত থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বাড়বে।

আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ১ থেকে ৩ দফা পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু জেলায় সাময়িকভাবে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলো এবং উপকূলীয় পটুয়াখালী, ভোলা ও বরগুনার কিছু কিছু স্থানে মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। তবে বর্তমান বৃষ্টিতে ফসলের ক্ষতি ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

FJ
আরও পড়ুন