সন্ধ্যার মধ্যে যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আপডেট : ১০ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেলের মধ্যে শক্তিশালী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে।

রোববার (১০ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত ১৪টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Warning Signal No. 1) দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের সময় ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সকালের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত