হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচংয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যার এসব বজ্রপাতে আরও আহত হয়েছেন চারজন।
মৃতদের মধ্যে রয়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত রাহেলা বেগম ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, বোনের বাড়ি চুনারুঘাটে বেড়াতে এসে রিংকু দেবনাথ বিকেলে ভাগিনা পিযুষ দেবনাথকে সাথে নিয়ে একটি বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তারা দু’জনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, ফের ইয়াবাসহ র্যাবের জালে সামাদ