ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার এবং দেশের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ২৯৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশের ছয়টি নদ-নদীর ১০টি পয়েন্টে পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারি পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরি নদীর লামা পয়েন্টে পানি ১৫৪ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ওপর রয়েছে।
এ ছাড়া কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে রয়েছে। মনু নদীর মৌলভীবাজারের মনু রেলসেতু ও মৌলভীবাজার পয়েন্ট, উভয় স্থানেই পানি ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টে পানি ৩৩ সেন্টিমিটার এবং খোয়াই নদীর হবিগঞ্জের বল্লা পয়েন্টে ২২০ সেন্টিমিটার ও হবিগঞ্জ পয়েন্টে ১১৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে।
একই সময়ে দেশের সমতল অঞ্চলের নদ-নদীর ৯৩টি পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ৩১টি পয়েন্টে পানি কমেছে এবং তিনটি পয়েন্টে পানির স্তর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্রে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এর মধ্যে তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া, লালমনিরহাটের কাউনিয়া ও গাইবান্ধার তারাপুর পয়েন্ট, কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের লরেরগড় পয়েন্ট উল্লেখযোগ্য।
দেশজুড়ে টানা ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
জোরালো হচ্ছে ‘এল নিনো’, ভয়াবহ দুর্যোগের আভাস