চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে নদীর পানি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ প্রধান কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে আগামী ৫ দিনে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান রয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিন এসব নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এ সময়ও নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে, গোমতী নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এমসিএইচ
আরও পড়ুন