ওজন কমানোর ওষুধেই কি কাটবে মাদকের নেশা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

বিশ্বজুড়ে ওজন কমানোর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ওজেম্পিক (Ozempic) ও ওয়েগোভির (Wegovy) মতো ‘GLP-1’ গ্রুপের ওষুধগুলো। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ওষুধগুলো কেবল ওজন কমানো নয়, বরং মাদক ও অ্যালকোহলের নেশা কমাতেও ম্যাজিকের মতো কাজ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা একে মাদকাসক্তি নিরাময়ের নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অফ ভেটেরানস অ্যাফেয়ার্স’ (VA)-এর প্রায় ৬ লাখ ডায়াবেটিস রোগীর ওপর করা একটি বিশাল গবেষণায় দেখা গেছে, যারা GLP-1 ওষুধ গ্রহণ করেছেন, তাদের মধ্যে বিভিন্ন ধরণের মাদকাসক্তির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কম। ‘BMJ’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এই ওষুধগুলো অ্যালকোহল, নিকোটিন, গাঁজা, কোকেন এবং ওপিওড বা ব্যথানাশক ওষুধের প্রতি তীব্র আকাঙ্ক্ষা (Cravings) কমিয়ে দেয়।

গবেষণার প্রধান ডা. জিয়াদ আল-আলি জানান, যারা আগে থেকেই মাদকাসক্ত ছিলেন কিন্তু এই ওষুধ গ্রহণ করেছেন, তাদের মধ্যে মাদকজনিত কারণে মৃত্যুর হার ৫০ শতাংশ কমেছে। এছাড়া রোগীদের মধ্যে আত্মহত্যার চিন্তাও প্রায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। এটি কেবল ওজন কমানোর ওষুধ নয়, বরং মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’-এ কাজ করে নেশার প্রতি অনীহা তৈরি করে বলে ধারণা করা হচ্ছে।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডব্লিউ কাইল সিমন্স বলেন, ‘এখনও সব তথ্য হাতে না এলেও গবেষণার ফলাফল সঠিক পথেই এগোচ্ছে। এটি সফল হলে ভবিষ্যতে এটিই হবে মাদকাসক্তির প্রধান চিকিৎসা। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি এখনও চূড়ান্তভাবে আসক্তির ওষুধ হিসেবে অনুমোদিত নয়। আগামী ছয় মাসের মধ্যে অ্যালকোহল ও অন্যান্য মাদকের ওপর এর প্রভাব নিয়ে আরও বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জানা যাবে।

বর্তমানে নভো নরডিস্ক এবং এলি লিলির মতো বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অ্যালকোহল ও মাদকাসক্তি নিরাময়ে তাদের ওষুধের কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

NB
আরও পড়ুন