স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধের অনুমোদন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে। দুই দশকের বেশি সময় পর এ ধরনের ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন দিল সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) এ অনুমোদনের ঘোষণা দেয় এফডিএ। ওষুধটি তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের সহযোগী প্রতিষ্ঠান জেনেনটেক। প্রতিদিন একবার ট্যাবলেট হিসেবে এটি সেবন করতে হবে। অস্ত্রোপচারের পর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি কমাতে ওষুধটি ব্যবহার করা হবে।

তবে ওষুধটি সব ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় কার্যকর নয়। প্রাপ্তবয়স্ক যেসব রোগীর ক্যানসার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ, তাঁদের নির্দিষ্ট পর্যায়ের রোগে এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ করে অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তাঁরা এ চিকিৎসার আওতায় আসবেন।

ইআর-পজিটিভ স্তন ক্যানসারের কোষে ইস্ট্রোজেন হরমোন যুক্ত হয়ে কোষের বৃদ্ধি ঘটাতে পারে। নতুন ওষুধটি ক্যানসার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরকে বাধা দেওয়ার পাশাপাশি সেটি ভেঙে ফেলতেও সহায়তা করে। ফলে ক্যানসার কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখা একটি গুরুত্বপূর্ণ সংকেত বন্ধ হয়ে যায়।

৪ হাজার ১৭০ জন রোগীর ওপর পরিচালিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে ওষুধটির অনুমোদন দিয়েছে এফডিএ। পরীক্ষায় নতুন ওষুধটির সঙ্গে প্রচলিত হরমোন চিকিৎসার তুলনা করা হয়। প্রচলিত চিকিৎসায় ট্যামোক্সিফেন অথবা অ্যারোমাটেজ ইনহিবিটর ব্যবহার করা হয়েছিল।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রচলিত হরমোন চিকিৎসার তুলনায় নতুন ওষুধ ব্যবহারে ক্যানসার ফিরে আসা বা রোগীর মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে। চিকিৎসা শুরুর তিন বছর পর নতুন ওষুধ গ্রহণকারী রোগীদের ৯২ দশমিক ৪ শতাংশ ক্যানসার ফিরে আসা ছাড়াই বেঁচে ছিলেন। প্রচলিত চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে এ হার ছিল ৮৯ দশমিক ৬ শতাংশ।

তবে ওষুধটি রোগীদের আয়ু বাড়াতে পারে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আরও পর্যবেক্ষণ চলছে। এফডিএ জানিয়েছে, দীর্ঘমেয়াদি চিকিৎসার ফলাফল জানতে রোগীদের পর্যবেক্ষণে রাখা হবে।

ওষুধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এর মধ্যে পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, শরীরে গরম অনুভূতি, ক্লান্তি, মাথাব্যথা, বমিভাব ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া রক্ত পরীক্ষায় যকৃতের এনজাইম, রক্তকণিকা ও রক্তের চর্বির মাত্রায় পরিবর্তন হতে পারে।

এফডিএর তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বরও উন্নত পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় অন্য একটি ওষুধের সঙ্গে গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন অনুমোদনের ফলে প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের রোগীদের চিকিৎসায়ও নতুন একটি বিকল্প যুক্ত হলো।

এসজেড
আরও পড়ুন