ক্যানসার চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছেন চীনা বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় এমন একটি পদ্ধতি উদ্ভাবনের কথা জানানো হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে ইনজেকশনের পরিবর্তে মুখে খাওয়ার ট্যাবলেট দিয়েই চিকিৎসা সম্ভব হতে পারে।
সাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক জার্নাল সেলে প্রকাশিত হয়েছে। বর্তমানে ক্যানসারের ইমিউনোথেরাপি পদ্ধতি বেশ ব্যয়বহুল এবং সাধারণত হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। নতুন এই পদ্ধতি সেই প্রক্রিয়াকে সহজ ও তুলনামূলক সাশ্রয়ী করে তুলতে পারে বলে মনে করছেন গবেষকরা।
গবেষণার কেন্দ্রে রয়েছে কোষের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে ত্রুটিপূর্ণ বা ক্ষতিকর প্রোটিন ধ্বংস করা হয়। বিজ্ঞানীরা দেখিয়েছেন, এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট রোগসৃষ্টিকারী প্রোটিনকেও লক্ষ্যবস্তু বানানো সম্ভব। একটি ক্ষুদ্র অণুর সাহায্যে ক্ষতিকর প্রোটিনকে কোষের নিজস্ব ধ্বংস ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়, ফলে কোষ নিজেই সেটিকে নষ্ট করে ফেলে।
এই কৌশলের নাম দেওয়া হয়েছে ‘ইরাডেক’। এটি বিশেষভাবে এমন প্রোটিন ধ্বংসে কার্যকর, যেগুলো ক্যানসার কোষকে রোগপ্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে। গবেষণায় পিডি-এল১ নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এই পদ্ধতি প্রচলিত অ্যান্টিবডিভিত্তিক ইনজেকশনের তুলনায় টিউমার সংকোচনে আরও বেশি কার্যকর হতে পারে।
গবেষকদের মতে, এই প্রযুক্তির ভিত্তিতে ভবিষ্যতে এমন ছোট অণুর ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা মুখে খাওয়ার মাধ্যমে শরীরে কাজ করবে। এতে ক্যানসার চিকিৎসা আরও সহজ, সাশ্রয়ী এবং রোগীবান্ধব হয়ে উঠতে পারে।
যদিও এই ওষুধ এখনো সরাসরি ট্যাবলেট আকারে ব্যবহারের জন্য প্রস্তুত নয়, তবে প্রাথমিকভাবে এমন যৌগ তৈরি করা হয়েছে, যা মুখে গ্রহণের পর শরীরে কার্যকরভাবে শোষিত হতে পারে।
অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা
মাদক সেবনে দ্বিগুণ বাড়ছে স্ট্রোকের ঝুঁকি
ওজন কমানোর ওষুধেই কি কাটবে মাদকের নেশা
