ইসরায়েলে মস্তিষ্কখেকো অ্যামিবায় শিশুর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

ইসরায়েলের কিন্নেরেত হ্রদে সাঁতার কাটার পর মস্তিষ্কখেকো অ্যামিবা হিসেবে পরিচিত ন্যাগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হয়ে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিশুটির মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর মস্তিষ্কে ফোলাভাব নিয়ে শিশুটিকে রামবাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে ঘুম পাড়িয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালানো হয়। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষাগারে নিশ্চিত হয়, ন্যাগলেরিয়া ফাওলেরিই তার অসুস্থতার কারণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে জানা গেছে, হাসপাতালে ভর্তির প্রায় এক সপ্তাহ আগে শিশুটি কিন্নেরেতের কুরসি সমুদ্রসৈকতে সাঁতার কেটেছিল। সাধারণত উষ্ণ ও মিঠা পানিতে এই অতি ক্ষুদ্র অ্যামিবা পাওয়া যায়। পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করে অ্যামিবা মস্তিষ্কে পৌঁছালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংক্রমণ হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সংক্রমণের মৃত্যুঝুঁকি বেশি হলেও এটি অত্যন্ত বিরল। পানি পান করলে কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও এই সংক্রমণ ছড়ায় না। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫০০টিরও কম সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে দুটি এবং সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে তিনটি সংক্রমণ শনাক্ত হয়েছিল।

ঝুঁকি কমাতে উষ্ণ মিঠা পানিতে সাঁতারের সময় নাকে পানি প্রবেশ ঠেকানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে পানিতে ঝাঁপ দেওয়া, ডুব দেওয়া বা মাথা পানিতে সম্পূর্ণ ডোবানোর সময় সতর্ক থাকতে বলা হয়েছে। নাক চেপে রাখা বা নাকের প্লাগ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া অগভীর পানিতে তলদেশের মাটি খোঁচানো বা নেড়েচেড়ে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সেখানে অ্যামিবার ঘনত্ব তুলনামূলক বেশি থাকতে পারে। জ্বর, শরীরে ব্যথা, তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব বা বমির পাশাপাশি ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, অস্বাভাবিক তন্দ্রা কিংবা চেতনায় পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে চিকিৎসককে সাম্প্রতিক পানিতে সাঁতার কাটার তথ্য জানাতেও বলা হয়েছে।

উষ্ণ পানিতে অ্যামিবার বংশবৃদ্ধির ঝুঁকি থাকায় পানির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামা পর্যন্ত সাঁতারভিত্তিক ক্রীড়া আয়োজনও পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এএস
আরও পড়ুন