বাংলাদেশ পুলিশ বাহিনীর ক্যাডেট সাব–ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা ২৪ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২৬৯ প্রার্থী। এবার তাদের কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থা ও স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি, উত্তরা, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৫০০ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। এক দিনে চার শিফট করে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
কম্পিউটার দক্ষতা পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নির্দেশনাবলী হলো—
কম্পিউটারের ডেস্কটপে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করে টাইপকৃত সকল ডকুমেন্ট স্টেশন ভিত্তিক সেভ করতে হবে। পরীক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট ফোল্ডারে তার টাইপ করা ডকুমেন্টসমূহ সেভ করতে ব্যর্থ হলে তার দায়ভার পরীক্ষার্থী বহন করবে।
পরীক্ষা শেষে কম্পিউটারে টাইপকৃত উত্তরসমূহ পুলিশ হেডকোয়ার্টার্স হতে সরবরাহকৃত নির্ধারিত কাগজে প্রিন্ট করে পূরণকৃত ওএমআর (ওএমআর) শিটসহ প্রিন্টেড উত্তরপত্রসমূহের সেকশন ক্রম অনুযায়ী স্ট্যাপল করে কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের কাছে বুঝিয়ে দিতে হবে।
উত্তরপত্রের ওপরে ওএমআর শিটে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও স্বাক্ষর না থাকলে কিংবা রোল নম্বর ভুল লেখাসহ বৃত্ত ভুল ভরাট করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে।
উত্তরপত্রের ওপর ওএমআর যুক্ত ফরমে নির্দিষ্ট স্থান ব্যতীত এবং কম্পিউটারে টাইপের সময় কোথাও কোনো নাম বা রোল কিংবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে।