ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের জন্য নতুন একটি ম্যানেজমেন্ট সিস্টেম অনুসরণ করতে হবে আবেদনকারীদের। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই নতুন পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো উন্মুক্ত করা হবে। তবে আবেদনকারীদের এই বুকিং প্রক্রিয়ায় অংশ নিতে হলে ওই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইন-আপ প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্ট) আপলোড করতে হবে। আজ থেকেই ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

আবেদন করার পদ্ধতি:
১. সাইন-আপ: প্রথমে আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লিংকে ক্লিক করতে হবে। সেখানে ভিসার ওয়েব ফাইলে দেওয়া ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইন-আপ করতে হবে।

২. ভেরিফিকেশন: সাইন-আপ বাটনে ক্লিক করলে আবেদনকারীর ইমেইল এবং মোবাইল নম্বরে আলাদা দুটি ওটিপি (OTP) পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলের ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

৩. তথ্য প্রদান: ভেরিফিকেশন শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন-আপ সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে, বিকেল সাড়ে ৫টার আগে সাইন-আপ না করলে ওই দিন সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

৪. ডকুমেন্ট আপলোড: লগইন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্ট থেকে তথ্য সংগ্রহ করে নেবে।

৫. স্লট বুকিং: সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। তখন সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখানো হবে। আবেদনকারী চাইলে মাত্র একবার এই স্লট পরিবর্তন করার সুযোগ পাবেন।

৬. ফি প্রদান: স্লট চূড়ান্ত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, কোনো ধরনের জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সঠিক প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে বলা হয়েছে। সব আবেদনকারীকে সফলভাবে স্লট পাওয়ার জন্য নির্দেশিকাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

FJ
আরও পড়ুন