‘শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিনও সতর্ক থাকতে হবে’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, শুধু নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী দুই-তিন দিনও সবাইকে অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে দেখা গেছে ফলাফল আশানুরূপ না হলে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য কঠোর নজরদারি প্রয়োজন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বরগুনায় নৌ কন্টিনজেন্টের নির্বাচনি দায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

নৌবাহিনী প্রধান জানান, এবারের নির্বাচনে নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বেশকিছু জাহাজ ও জলযান কাজ করছে। নিরাপত্তার আধুনিকায়নে এবারই প্রথম ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যাতে কোথাও কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং তথ্যের অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। প্ররোচনায় প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো তথ্য প্রচারের আগে যেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তার সত্যতা যাচাই করা হয়, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। প্রশাসনের সাথে সশস্ত্র বাহিনীর সমন্বয় এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে গভীর বলেও তিনি মন্তব্য করেন।

DR/FJ
আরও পড়ুন