স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবরের নীতিমালা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তাদের স্বামী বা স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত সম্পদের বিবরণী প্রকাশ করা হলো।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের হিসাব দ্রুত জনগণের সামনে তুলে ধরা হবে। আজকের এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটল।
বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১ জন। এ ছাড়াও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানরা। তাদের প্রত্যেকের এবং তাদের জীবনসঙ্গীদের সম্পদের বিস্তারিত তথ্য এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিগত সরকারের পতনের পর থেকে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, উপদেষ্টাদের সম্পদ প্রকাশকে তার একটি বড় ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পুরো উপদেষ্টা পরিষদের সম্পদের বিবরণী দেখুন এখানে।

