নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

ডিজি বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র‍্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করবে। যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে অথবা নির্বাচনের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যদি কেউ নাশকতা বা ভাঙচুরের চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে নাগরিকদের আহ্বান জানিয়ে ডিজি বলেন, ‘ভোটারদের নিরাপত্তার বলয় তৈরিতে র‍্যাবসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে আমাদের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। সাধারণ মানুষ যেন কোনো ধরণের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।’

NB/FJ
আরও পড়ুন