প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করছে না, বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, ‘নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে। আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন ও সাধারণ নাগরিকদের সহযোগিতায় এখন পর্যন্ত সারাদেশে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এএমএম নাসির উদ্দিন বলেন, ‘দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা এখন অতীত। আমরা অতীতের সেই নেতিবাচক ইতিহাস মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চাই।’
তিনি আরও যোগ করেন, সব ধরনের প্রতিকূলতা মোকাবিলা করে গণতন্ত্রের ট্রেন সঠিক গন্তব্যেই পৌঁছাবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না। কমিশন কোনো পক্ষপাতিত্ব প্রশ্রয় দেবে না।’
জাতির কাছে দেওয়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
টাকা নিয়ে ধরা খাওয়া ভালো: ইসি সানাউল্লাহ
