নবনির্বাচিত এমপিদের শপথের আনুষ্ঠানিক চিঠি আজই পেতে পারে ইসি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এমপিদের শপথ পড়ানোর আনুষ্ঠানিক চিঠি রোববার (১৫ ফেব্রুয়ারি) যেকোনো সময় কমিশন পেতে পারে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। কমিশনার আনোয়ারুল বলেন, ‘চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি আমাদের নেওয়া রয়েছে।’

সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের পরিবর্তে এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। দলটির শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরিকরা ৯টি আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনো গেজেটভুক্ত করা হয়নি।

DR/SN
আরও পড়ুন