বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, একক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের এই পরিসংখ্যান জানানো হয়।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতেই বিজয়ী প্রার্থীদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে ইসি। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।  

FJ
আরও পড়ুন