পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজানকে সামনে রেখে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে প্রধান উপদেষ্টা রমজানকে আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সিয়াম পালন, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে এ মাসে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার হয়। এটি মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।’
তিনি আরও বলেন, ‘রমজান আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রেরণা জোগায়। এ মাস মানুষকে সত্যনিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা এবং মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করে। একইসঙ্গে দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করে।’
রমজানের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সবাই যেন বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করেন।’
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে সবার রোজা ও নেক আমল কবুলের প্রার্থনা করেন এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

