ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন ও এর আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
যাতায়াতে যেসব এলাকায় কড়াকড়ি:
শপথ অনুষ্ঠান চলাকালীন মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যান চলাচল সীমিত থাকবে।
বিকল্প ও ডাইভারশন রুটসমূহ:
১. মিরপুর রোড থেকে ফার্মগেট: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটে যাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেট যাবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি দিয়ে যাতায়াত করতে হবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এই রুটের যানবাহনগুলো খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডিতে যাবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি (দক্ষিণমুখী): মানিক মিয়া এভিনিউ বন্ধ থাকায় মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহনগুলো শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে যাবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: যানজট এড়াতে এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে এবং নির্ধারিত সময়ে ওই এলাকাগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
শপথ অনুষ্ঠানে থাকছেন ১,২০০ দেশি-বিদেশি অতিথি
এবার দুটি শপথ নেবেন সংসদ সদস্যরা
