সৌরবিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ ৪ প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম

দেশের জ্বালানি খাতের বিকাশ এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত ২৬তম বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন-২০২৬’-এর চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে।

একই বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে অপরাধবিষয়ক পারস্পরিক আইনি সহায়তা চুক্তির খসড়াও অনুমোদিত হয়। 

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের এসব সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সচিব জানান, দেশে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের দ্রুত বিস্তার নিশ্চিত করতেই নতুন এই বিশেষ আইন আনা হচ্ছে। এর আগে জারি করা অধ্যাদেশটি সংবিধানের নিয়ম মেনে সংসদে বিল আকারে পাস করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সরকারি কেনাকাটায় জবাবদিহিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট আইনে ষষ্ঠবারের মতো সংশোধন আনা হচ্ছে। নতুন বিধানে দেশীয় শিল্প সুরক্ষা, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান এবং স্বচ্ছ দরপত্র পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনের বাইরে কার্যত মোট ২২ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ফৌজদারি অপরাধের তদন্ত এবং তথ্য আদান-প্রদান সহজ করতে বিশেষ চুক্তির খসড়া পাস করেছে ক্যাবিনেট। এর ফলে দুই দেশের মধ্যকার আইনি সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হবে।

এইচএন
আরও পড়ুন