চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। মহাজাগতিক এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বিশ্ববাসী। এবারের গ্রহণটি হবে ‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’, যা আকাশপ্রেমীদের কাছে ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় নামে পরিচিত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণটি শুরু হবে এবং শেষ হবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে। তবে গ্রহণটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।
আইএসপিআর জানায়, এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি মূলত আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে দেখা যাবে। এটি আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৭টা ১ মিনিটে শুরু হবে। গ্রহণের সর্বোচ্চ স্থায়িত্বকাল হবে ২ মিনিট ২০ সেকেন্ড।
অ্যান্টার্কটিকার চিলির ইয়েলচো গবেষণাকেন্দ্র থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং মরিশাসের ভিংট-সিনক দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে সন্ধ্যা ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে এটি শেষ হবে।
যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এমন দূরত্বে অবস্থান করে যে সূর্যের মাঝখানের অংশ ঢেকে ফেলে, কিন্তু কিনারার অংশটুকু দেখা যায়, তখন আকাশে একটি আগুনের বলয়ের মতো উজ্জ্বল বৃত্ত তৈরি হয়। একেই ‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’ বা ‘রিং অব ফায়ার’ বলা হয়।
রমজানের শুরু নিয়ে যা জানা গেলো
