‘নির্বাচনে নিরপেক্ষ থেকে হারানো গৌরব ফিরে পেয়েছে পুলিশ’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করায় পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠায় একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। এর মাধ্যমে পুলিশ তার ভাবমূর্তি ও হারানো গৌরব ফিরে পেয়েছে।’ আগামী দিনগুলোতেও এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় আসন্ন রমজান মাস ও একুশে ফেব্রুয়ারি নিয়ে পুলিশের বিশেষ প্রস্তুতির কথা জানানো হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার রমজানে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে কঠোর হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম অমর একুশে বইমেলা ও শহীদ দিবসের নিরাপত্তার পাশাপাশি রমজানে তারাবির সময় চুরি ও ছিনতাই রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, ডিবি প্রধান মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

FJ
আরও পড়ুন