খোলার মাঠে ক্ষুদ্ধ মেসি, কড়া বার্তা দিলেন রেফারিকে

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে খেলার উত্তেজনার বাইরে আলোচনায় এসেছে লিওনেল মেসি ও রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর একটি ঘটনা। প্রথমার্ধে রেফারির কথা বলার ধরন নিয়ে আপত্তি জানান ক্ষুদ্ধ আর্জেন্টাইন অধিনায়ক। এসময় রেফারিকে সম্মানজনক আচরণের আহ্বান জানান তিনি ।

ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের আগে। আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে থাকা মেসিকে নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন পর্তুগিজ রেফারি পিনেইরো। তবে রেফারির নির্দেশ দেওয়ার ধরন ও অঙ্গভঙ্গিতে অসন্তুষ্ট হন মেসি। জবাবে তিনি বলেন, “আমাকে সম্মান দিয়ে কথা বলুন।”

ফ্রি কিক নেওয়ার পরও দুই পক্ষের মধ্যে আরেক দফা কথা কাটাকাটি হয়। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, মেসি আবার রেফারির কাছে এগিয়ে যান। ঠোঁটের ভাষা থেকে বোঝা যায়, তিনি বলেন, “আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।”

তবে পুরো ঘটনাজুড়ে মেসিকে সংযত অবস্থায় দেখা যায়। উত্তেজিত পরিস্থিতিতেও তিনি হাত পেছনে রেখে শান্ত থাকার চেষ্টা করেন।

৩৮ বছর বয়সী জোয়াও পেদ্রো পিনেইরো পর্তুগালের ভিলা নোভা দে ফামালিসাওয়ের বাসিন্দা। ২০১৫ সালে দেশটির শীর্ষ ফুটবল লিগে রেফারিং শুরু করেন তিনি। পরের বছরই ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান।

এরপর ইউরোপীয় ফুটবলে ধীরে ধীরে পরিচিতি তৈরি করেন পিনেইরো। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন তিনি। বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার কারণেই তাকে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে রাখা হয়েছে।

NM/SN
আরও পড়ুন