পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

বাংলাদেশ পুলিশের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে ব্যবহৃত ইউনিফর্মটি ২০০৩-০৪ সালে গায়ের রং, দেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটিতে দৃশ্যমানতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে পার্থক্যের বিষয়গুলো বিবেচনা করে প্রবর্তন করা হয়েছিল। কিন্তু নতুন নির্বাচিত পোশাকে এসব গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

অ্যাসোসিয়েশনের মতে, নতুন পোশাকের সঙ্গে অন্যান্য বাহিনীর পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে, যা মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদাভাবে চিহ্নিত করা কঠিন করে তুলবে। এছাড়া কোনো প্রকার জনমত যাচাই বা সদস্যদের মতামত ছাড়াই তড়িঘড়ি করে এই পরিবর্তন আনা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট টেনে সংগঠনটি জানায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা তাদের ঐতিহ্যবাহী পোশাকেই অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পোশাক পরিবর্তন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন ইউনিফর্ম তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় না করে বরং বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সহায়তায় সেই বরাদ্দ দেওয়া বেশি যুক্তিযুক্ত হবে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, পোশাকের রং বা নকশা পরিবর্তন নয়, বরং পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন এবং পেশাদারত্বের উন্নয়নই এখন বেশি জরুরি। বাহিনীর প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং আরও অধিক গবেষণার আহ্বান জানানো হয়েছে।

DR/SN
আরও পড়ুন