মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

ভ্রমণ বা ব্যবসায়িক আলোচনার ভিসা (B1/B2) নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে অনুমতি ছাড়া কাজ করলে দেশটিতে প্রবেশে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিশেষ সতর্কবার্তায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এই হুঁশিয়ারি দিয়েছে।

ভিসা সংক্রান্ত ওই বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সংশ্লিষ্ট ভিসার নিয়মাবলী গুরুত্ব সহকারে জেনে নেওয়া জরুরি। বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা মূলত ব্যবসায়িক বৈঠক বা কোনো চুক্তি সংক্রান্ত আলোচনার জন্য ব্যবহার করা যায়। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে কোনো ধরনের বেতনভুক্ত কাজ বা কর্মসংস্থানে যুক্ত হওয়ার কোনো আইনি অনুমতি নেই।

সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, যদি কেউ বি১/বি২ ভিসার অধীনে অনুমতি ছাড়া কাজ করেন, তবে তাকে কেবল নিজ দেশে ফেরত পাঠানোই হবে না, বরং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা (Permanent Ban) আরোপ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য দূতাবাস জানিয়েছে, কর্মসংস্থানের জন্য অবশ্যই আলাদা ‘এমপ্লয়মেন্ট ভিত্তিক’ (Employment-based) ভিসা নিতে হবে। ভিসা শর্তাবলী লঙ্ঘন করলে তা একজন ব্যক্তির অভিবাসন রেকর্ডে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করা হয়েছে।

DR/SN
আরও পড়ুন