সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশ অর্নুযায়ী সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত থাকা এবং নির্ধারিত নিয়মে প্রস্থান করা বাধ্যতামূলক।
চিঠিতে আরও বলা হয়, নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
এর আগে একই বিষয়ে পৃথক নির্দেশনা জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদেশে আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালার বিধান অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অনুমতি ছাড়া অফিস ত্যাগ এবং দেরিতে অফিসে উপস্থিতিকে অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।
দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেওয়া নির্দেশনায় বলা হয়, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজানের পর বিকেল ৫টার আগে অফিস ত্যাগ না করার কথাও এতে উল্লেখ করা হয়। অফিস চলাকালে জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি নেওয়া এবং অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আদেশে সতর্ক করে বলা হয়, এসব নির্দেশনা লঙ্ঘন করে কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, দেরিতে উপস্থিত হলে বা অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
সকাল ৯টার মধ্যে কর্মস্থলে প্রবেশের নির্দেশ, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
