নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে। তবে শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন কমিশন।
সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত হয়েছে ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ। আপিল দায়েরের সময় ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।
সচিব জানান, গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল। সেই নির্বাচনে অন্যান্য আসনে গণভোট অনুষ্ঠিত হলেও শেরপুরে তা আর প্রয়োজন হচ্ছে না। তিনি বলেন, 'গণভোটের যে ব্যবধান ছিল, তাতে নতুন করে এটি অন্তর্ভুক্ত করার প্রয়োজন কমিশন বোধ করছে না। তাই শুধুমাত্র সাধারণ ব্যালটে ভোট হবে।'
গত ১২ ফেব্রুয়ারি দেশে ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর-৩ আসনে প্রার্থী মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকে। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন তৈরি হয়। এই দুই আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালট এবং বিশেষ কারিগরি সুবিধা (আইসিপিভি ও ওসিবি) বজায় থাকবে।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
