পিলখানা ট্র্যাজেডি

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরোচিত সেনা হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তারা এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জানা সবার জন্য জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখন জনগণের কাছে বোধগম্য।’

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল। সশস্ত্র বাহিনীকে একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন তুখোড় সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

DR
আরও পড়ুন