ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহক হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এখন থেকে দেশের প্রতিটি উপজেলা, সার্কেল এবং ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ফির তালিকা সম্বলিত স্থায়ী সাইনবোর্ড প্রদর্শন করতে হবে। একই সঙ্গে ভূমি উন্নয়ন করসহ সকল প্রকার ফি কেবল অনলাইনে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে যে, প্রতিটি ভূমি অফিসে চার ফুট বাই আড়াই ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে। যেখানে সরকারি নির্ধারিত ফির তালিকা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এর ফলে সাধারণ মানুষ দালালের খপ্পর বা অতিরিক্ত অর্থ আদায়ের হাত থেকে রক্ষা পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেবার বিপরীতে নির্ধারিত ফির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে:
নামজারি (মিউটেশন) ফি: মোট ১ হাজার ১৭০ টাকা (কোর্ট ফি ২০, নোটিশ জারি ৫০, রেকর্ড সংশোধন ১০০০ এবং খতিয়ান সরবরাহ ১০০ টাকা)।
খতিয়ান (পর্চা) ফি: সার্টিফায়েড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল।
মৌজা ম্যাপ: প্রতি শিটের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল।
ভূমি মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভূমি অফিসে কোনো প্রকার নগদ লেনদেন করা যাবে না। সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করেন, তবে অবিলম্বে জাতীয় হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নির্ধারিত ফির বাইরে অন্য কোনো অর্থ আদায় করা দণ্ডনীয় অপরাধ এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
