সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

সাম্প্রদায়িক অপশক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অপচেষ্টা রুখে দিতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রথম আলোর সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশ লজ্জিত হয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই যে, সমাজের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে আগামী দুই মাসের মধ্যে এ সংক্রান্ত চার্জশিট দাখিলের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিচারের প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ‘তদন্তের দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু বিচারের দায়িত্ব স্বাধীন বিচার বিভাগের। আমরা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছি।’

গণমাধ্যমের অধিকার রক্ষায় সরকারের অবস্থান পরিষ্কার করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা আমাদের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার। আমরা যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখবো।’

পরিদর্শনকালে তিনি প্রথম আলোর সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।

NB/AHA
আরও পড়ুন