আজ ২ মার্চ, ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। আজ থেকে ঠিক ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথম উত্তোলন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা।
একাত্তরের সেই অগ্নিঝরা দিনে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত এই পতাকাটি উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। সেই মুহূর্তটিই ছিল বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত সংকেত। সেদিনের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা অর্জনের পথে নব উদ্যমে যাত্রা শুরু করে।
একাত্তরের সেই দিনটিতে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিকেলে ও রাতে যথাক্রমে ঢাবি ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে প্রথমবারের মতো ওড়ানো হয়েছিল বাংলাদেশের পতাকা। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে। ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে সেখানে পতাকা উত্তোলন করেছিলেন।
ঐতিহাসিক এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বেলা ১০টায় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ পালিত হবে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৫৪ বছর আগের সেই দিনে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ এই গৌরবের অনুষ্ঠানে অংশ নেবেন।

