বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সময়সূচি ও ইমামদের তালিকা নিচে দেওয়া হলো:

প্রথম জামাত: সকাল ৭টা। ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা। ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত: সকাল ৯টা। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাত: সকাল ১০টা। ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

পঞ্চম জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট। ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পাঁচটি জামাতের জন্যই বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

ঈদের জামাতে মুসল্লিদের ব্যাপক সমাগমের কথা মাথায় রেখে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

DR/SN
আরও পড়ুন