পবিত্র ঈদুল ফিতরের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী সরাসরি শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পরিবারের সদস্যরা মিলে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

পারিবারিক জিয়ারত শেষে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারম্যান হিসেবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ও তার পরিবার যখন জিয়া উদ্যানে পৌঁছান, তখন সেখানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। সাধারণ মানুষ ও কর্মীরা দূর থেকেই তাদের প্রিয় নেতাকে ‘ঈদ মোবারক’ জানিয়ে স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসভবনে ফিরে গেছেন।

