ঈদের ছুটি শেষে ঢাকার পথে কর্মজীবী মানুষের ঢল

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১১:০৭ এএম

ঈদের আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের তৃতীয় দিন থেকেই লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়ে সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল জমজমাট।

ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সঙ্গে কাটাতে পেরে খুশি সবাই। জীবিকার তাগিদে আবারও নগরীতে ফিরতে হলেও কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা।

সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে আসা লঞ্চ ভোর থেকেই যাত্রীদের নামাতে শুরু করে। কর্মজীবীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে ভিড় জমান টার্মিনালের বিভিন্ন পয়েন্টে।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ করেও এখন আত্মীয়-স্বজনের বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদের সময় যানজট ও নৌযান ভোগান্তির কথা মাথায় রেখে তারা ঈদের পরই গ্রামের পথে রওনা দিয়েছেন বলে জানান।

সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ভিড়তে শুরু করে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা যাত্রীদের চাপ ছিল সবচেয়ে বেশি।

গাবতলী টার্মিনালে আসা এক যাত্রী জানান, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরতে কষ্ট হচ্ছে, কিন্তু জীবিকার তাগিদে আসতেই হয়। পথে যানজট কম থাকায় যাত্রা বেশ আরামদায়ক ছিল।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফেরা শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই যাত্রীচাপ অব্যাহত থাকতে পারে। তবে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রেন, বাস ও লঞ্চ ঘাটে ঘরমুখো আর কর্মমুখী দুই ধরনের যাত্রীরই সমাগম দেখা গেছে। ঈদযাত্রার মতো চরম ভোগান্তি না থাকায় স্বস্তি ফিরেছে নগরবাসীর জীবনে।

SN
আরও পড়ুন