ইরানে হামলার সুযোগের অপেক্ষায় ইসরায়েল, লক্ষ্য তেল শোধনাগার

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:১৯ পিএম

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা মনে করছেন, তেহরানের সঙ্গে চলমান কোনো আলোচনা বা সমঝোতা দীর্ঘমেয়াদে কাজে আসবে না, বরং এটি স্রেফ সময়ক্ষেপণ। নিজেদের এই অনড় অবস্থান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তেল আবিব।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে বড় ধরণের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। জানা গেছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা যৌথভাবে একটি ‘টার্গেট লিস্ট’ বা লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করেছেন। এই তালিকায় ইরানের প্রধান অপরিশোধিত তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং সংশ্লিষ্ট কৌশলগত স্থাপনাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আইপিবিসি জানিয়েছে, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক এক বার্তায় ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে যে-তারা যেকোনো উপায়ে ইরানের ওপর আবারও আক্রমণ শুরু করার সুযোগ খুঁজছে। ইসরায়েলের মতে, আলোচনার নামে ইরান মূলত সময়ক্ষেপণ করছে এবং তাদের সামরিক শক্তি ও কৌশল পুনর্গঠন করছে।

ইসরায়েলের এই মারমুখী অবস্থানে আন্তর্জাতিক মহলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, যদি কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয় এবং ইসরায়েল একক সিদ্ধান্তে ইরানের জ্বালানি খাতে আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্যজুড়ে এক প্রলয়ংকরী ও দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হতে পারে। এটি কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক তেলের বাজার ও অর্থনীতির ওপরও ভয়াবহ প্রভাব ফেলবে। সূত্র : মিডল ইস্ট মনিটর

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত