দেশে হাম আক্রান্তে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

দেশে হাম (Measles) পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত ১৯ দিনে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। বিশেষ করে ময়মনসিংহ, কুষ্টিয়া, বরগুনা, মাগুরা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে প্রথমে জ্বর ও ঠান্ডা দেখা দিচ্ছে, এরপর শরীরে লালচে ফুসকুড়ি বের হচ্ছে। অনেক অভিভাবক শুরুতে বিষয়টিকে সাধারণ অসুখ মনে করে অবহেলা করায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের নিশ্চিত উপস্থিতি পাওয়া গেছে। ইতোমধ্যে দেশের ৫৬টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু রয়েছে, তারা সংক্রমণের ভয়ে আতঙ্কিত।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সতর্ক না হওয়া এবং রক্ত পরীক্ষায় বিলম্বের কারণে জটিলতা বাড়ছে। হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় টিকা গ্রহণ। স্বাস্থ্য বিভাগ থেকে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

SN
আরও পড়ুন