হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০৫৫৩ জন

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা ছিলেন। এদিকে, চলতি মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন।

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত আইটি হেল্প ডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ৫১টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে জানানো হয়, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন রয়েছেন।

চলতি বছরের ১৮ এপ্রিল থেকে হজের আনুষ্ঠানিক ফ্লাইট শুরু হয়। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইটগুলো পরিচালিত হবে। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯ হাজার ৫০০ জন হজ পালন করতে যাচ্ছেন।

NB
আরও পড়ুন