সরকারি ছুটি বাড়লো

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। দীর্ঘ বিরতির পর দিনটিকে পুনরায় রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপ-সচিব আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চ ২০২৬ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ক্যালেন্ডারে যথাস্থানে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সেই অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর দিনটি যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালিত হবে এবং এদিন সারাদেশে সরকারি ছুটি থাকবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত সরকারের এক উচ্চপর্যায়ের বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পুনরায় পালনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই বৈঠকে জানানো হয়েছিল, এই দিবসের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে একে আবারও ক্যালেন্ডারে ফিরিয়ে আনা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি সে সময় জানিয়েছিলেন, ৭ নভেম্বর সরকারি ছুটি থাকলেও আগামী ৬ জুলাই পালিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’-এ কোনো ছুটি থাকবে না। সেটি শুধুমাত্র বিশেষ দিবস হিসেবে পালিত হবে।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিল করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে এবং রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় পুনরায় এই ছুটি পুনর্বহাল করা হলো।

FJ
আরও পড়ুন